করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু জাহিরকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

আজ (২৮ অক্টোবর) বুধবার সকাল ১০টায় ওই সাংসদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মো: মুখলেছুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সাংসদ মো: আবু জাহির অসুস্থ বোধ করলে গত রোববার তাঁর নমুনা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে গত সোমবার রাতে প্রতিবেদন আসে সাংসদ আবু জাহির কোভিড–১৯ আক্রান্ত। এরপর থেকে সাংসদ হবিগঞ্জ শহরে তাঁর বাসায় আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে সিএমএইচ পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার।

সাংসদের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ জানান, আজ সকাল ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অবতরণ করে। এ সময় সেখান থেকে সাংসদ আবু জাহিরকে নিয়ে সিএমএইচের উদ্দেশে রওনা দেয় হেলিকপ্টরটি।

ডেপুটি সিভিল সার্জন মো: মুখলেছুর রহমান জানান, সাংসদ আবু জাহির আইসোলেশন চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গতকাল (মঙ্গলবার) রাতে সিদ্ধান্ত হয় তাঁকে সিএমএইচে নেওয়ার। এখন পর্যন্ত হবিগঞ্জে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ১ হাজার ৮০৫ জন। তাঁর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৬ জন। এই জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ জন।

এমবি