আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ ছয় জন আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার তেতৈইতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে উপজেলার তেতৈতলা গ্রামের বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল প্রধান ও স্থানীয় যুবলীগ নেতা নূরে আলম সমর্থক দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ৮-১০ রাউন্ড গুলিসহ বেশকিছু ককটেল ফোটানো হয় বলে জানা গেছে। এছাড়া দু’পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হন; আইভী আক্তার (৩৫), মানিক দেওয়ান (২৫) ও হোসনে আরা। এছাড়া সুমন (২৫), নাজমা বেগম (৩৩) ও রেজিয়া বেগম (৩০) গুরুতর আহত হলে তাদের ঢাকার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফেরদৌস হাসান জানান, ঘটনার পরপরই তেতৈইতলা গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সত্য না।
ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া থানার এসআই মনিরুজ্জামান জানান, উভয় গ্রুপের কর্মীদের মধ্যে প্রায় ১০ মিনিট ধরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের কর্মীরা পালিয়ে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





