বগুড়ার নন্দীগ্রামে ধানবোঝাই ট্রাক ছিনতাই হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের ধাকইর নাম স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক জাহাঙ্গীর (২৪) ও হেলপার মিলন মিয়াকে (২২) আটক করেছে।
ছিনতাই হওয়া ট্রাকের হেলপার মিলন মিয়া জানান, রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভগবাজর থেকে ২৩৫ বস্তা ধান ট্রাকে (বগুড়া-ট-১১-১৩০৫) নিয়ে দিনাজপুরের সেতাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘটনাস্থলে পৌঁছার পর ১০/১১ জন ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি থামাতে বাধ্য করে। একপর্যায়ে চালক ও হেলপারকে বেঁধে রেখে ধানবোঝাই ট্রাক নিয়ে চলে যায়।
পরে কৌশলে হাতের বাঁধন খুলে চালকসহ থানায় গিয়ে পুলিশকে খবর দেয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) আকিবুল ইসলাম জানান, ট্রাকের চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





