কুষ্টিয়ার কুমারখালীতে রঞ্জু হোসেন (৩০) নামে এক তাঁত শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা শহরের বাটিকামারা রেলগেট এলাকায় তাকে কুপিয়ে আহত করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে রেলগেট এলাকায় রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমারখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, হত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ