ঝিনাইদহের মহেশপুরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (০৪ এপ্রিল) সকাল ৭টার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মামুন মণ্ডল (৩০) উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি রঙ মিস্ত্রির কাজ করতেন।

মহেশপুর থানার এসআই নরত্তম বিশ্বাস জানান, মামুনসহ দুজন মোটরসাইকেলে করে স্থানীয় ভৈরবাবাজার থেকে মহেশপুর উপজেলা শহরের দিকে আসছিলেন। সিমেন্টবোঝাই ট্রাকটি মহেশপুর উপজেলা শহর থেকে ভৈরব বাজারের দিকে যাচ্ছিল। মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছা নামক স্থানে ট্রাকটি ওই মোটরসাইকেলে চাপা দিলে আরোহীরা সড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান মামুন মণ্ডল।

এই ঘটনায় গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সিমেন্ট বোঝাই ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে এর চালক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমবি