বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি মিছিল জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে নতুনবাজার ট্রাফিকমোড় ও গঙ্গাদাস গুহ রোডের বাতিরকল মোড়ে পুলিশের বাধার মুখে পড়লে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।

এসময় মিছিলে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহাম্মদ বুলু, সাইদুর রহমান রতন, যুবদলের জেলা সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সামছুল ইসলাম উজ্জল, মোহাম্মদ রাসেল চৌধূরী রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আবু ওয়াহাব আকন্দ বলেন, সাবেক দুই বারের সফল প্রধানমন্ত্রীর গাড়ীবহরে কোন সভ্য দলের নেতা-কর্মীরা হামলা করতে পারেনা। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, সরকারের এমন অগণতান্ত্রিক আচরণের পরিণতি হবে ভয়াবহ। সিটি নির্বাচনে দলীয় নেতা কর্মীদের কোন ধরনের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবানও জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এসএইচ