সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আবু সাঈদ (৩৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার কিয়ামপুর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
সোমবার বিকালে স্থানীয় গুল্মকাপন গ্রামে গ্রামীণফোনের টাওয়ারের নির্মাণ কাজকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,গুল্মকাপন ও কিয়ামপুর গ্রামের সীমানায় গ্রামীণফোনের টাওয়ারের নির্মাণ কাজ নিয়ে গুল্মকাপন গ্রামের খলকু মিয়া ও কিয়ামপুর গ্রামের তুহিন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খলকু মিয়াকে মাথায় আঘাত করেন তুহিন।
এ নিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। এ সময় প্রতিপক্ষের ছুঁড়া পাথর কিয়ামপুর গ্রামের বাসিন্দা আবু সাঈদের বুকে লাগে। গুরুতর অবস্থায় তাকে সিলেটের দক্ষিণ সুরমা নর্থইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আবু সাঈদ মারা যান।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





