দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, পুরোপুরি নির্মূল না হলেও সরকারের যথাযথ তৎপরতা ও পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে অনেকেটা কমে এসেছে। 

বুধবার (২৮ আগস্ট) সকালে সাভারের আশুলিয়ার কালারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্লোব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্টের আয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা করণীয় বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু এখনও পুরোপুরি নির্মূল হয়নি। এখনও ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের কোথাও না কোথাও প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জেলা উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে তৃণমূলের লোকজন যেন সঠিক চিকিৎসাসেবা পায় সেজন্য চিকিৎসকদের কঠোর নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদ, স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রমুখ। 

এসময় স্থানীয়দের বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষা করা হয়।

এসএম