রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কাউন্টারের সামনে বিক্ষোভ করছেন শতাধিক যাত্রী। কথা বলে জানা গেছে, তাঁদের বেশির ভাগই সৌদি আরবে অভিবাসী শ্রমিক হিসেবে কর্মরত।
সৌদিতে ফেরার জন্য তাঁরা বিভিন্ন তারিখে টিকিট কেটে রেখেছিলেন। ফ্লাইটের দিন পার হয়ে যাওয়ায় ও ভিসার মেয়াদ শেষ হয়ে আসার কারণে তাঁরা বিক্ষোভ করছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা কারওয়ান বাজার মোড় ঘেরাও করেন। তাঁরা সৌদি এয়ারলাইনসের গেট বন্ধ পান। পরে এয়ারলাইনসের কাউন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন।
শরীয়তপুর থেকে এসেছেন মামুন তালুকদার। তাঁর সৌদি আরবে যাওয়ার ফ্লাইট আজ রাত দুইটার দিকে। তিনি ১২ হাজার টাকা খরচ করে ঢাকায় এসেছেন বলে জানান।
তিনি বলেন, সৌদি এয়ারলাইনস কোনো মেসেজ দেয়নি। কর্মস্থলে যেতে পারব কি না সে তথ্য পাচ্ছি না। ঢাকায় থাকারও জায়গা নেই।
অভিবাসী শ্রমিক রফিকুল ব্যাপারী মাদারীপুর থেকে এসেছেন। তাঁরও আজ রাত দুইটার ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার কথা।
তিনি বললেন, ‘ট্রাভেল এজেন্সি আমাদের সৌদি এয়ারলাইনসে খোঁজ নিতে বলেছে। এখানে এসে আমরা কোনো তথ্য পাইনি। ভিসার মেয়াদ আছে দুই দিন। যেতে না পারলে দায়ভার সরকার নেবে?’
বগুড়া থেকে ঢাকায় এসেছেন সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেন। তিনিও ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৪ এপ্রিল আমার ফ্লাইট ছিল। সেটি বাতিল হয়েছে। পরে সরকার বিশেষ ফ্লাইটে পাঠানোর কথা বলে। বিষয়টি জেনে এই লকডাউনে অনেক ভোগান্তিতে পড়ে ঢাকায় আসি। এসে শুনি ফ্লাইট বাতিল করা হয়েছে। কিন্তু, এরপর আর কোনো নির্দেশনা নেই। এখন আমরা কী করব? সেজন্যেই সড়কে বিক্ষোভ করছি।’
ঘটনাস্থলের আশপাশে পুলিশ রয়েছে। তাঁরা বিক্ষোভকারীদের বুঝিয়ে ভেতরে নিয়ে যান।
এএস





