নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু রিতি (৮) ও নিরব (৪) পরস্পর আপন ভাই-বোন।
সোমবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা একই উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাথপাড়া গ্রামের সজিব হোসেনের সন্তান।
এলাকাবাসী জানান, নাথপাড়া গ্রামের নবাব আলীর বাড়িতে বেড়াতে আসে রিতি ও নিবর। সোমবার বিকালে খেলার ফাঁকে তারা পুকুরে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে যায় রিতি ও নিরব।
তাদের না পেয়ে নানা বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে পানিতে ভাসতে দেখা যায় তাদের। সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হাশেম খান জানান, এমন কোনো খবর তার কাছে এখনো আসেনি।
এআর





