রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনের বিভিন্ন স্থান থেকে এখনো ধোঁয়া আর পোড়া গন্ধ বের হচ্ছে।

আবাসিক ফ্লাটগুলোয় আটকে পড়া শতাধিক মানুষকে সকালের দিকে ভবনটি থেকে নিরাপদে বের করে আনা হয়।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উত্তর বাড্ডার ১৪তলা প্রিমিয়াম প্লাজা নামের ভবনটিতে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট চেষ্টা চালিয়ে (বৃহস্পতিবার) সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভবনে একাধিক ফার্নিচারের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে।

পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ১৮টি ইউনিট যোগ দেয়। মোট ২৬টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগা ভবনটি বিটিআই ডেভেলপার কোম্পানির। ১৪ তলা ভবনের ৫ তলা থেকে ১৪ তলা পর্যন্ত আবাসিক হওয়ায় সেখানে শতাধিক মানুষ আটকা পড়েন।

অধিকাংশ মানুষ ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদে আটকা পড়া সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ভবনের চার পাশে আগুন নেভানোর জন্য যথেষ্ট জায়গা না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।

এসএম