কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নান্নু (৩৩) সংগ্রাম (২৫) ও এজের মন্ডলসহ (৫৫) আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের শীর্ষ মন্ত্রাসী আমজাদ মাস্তানের নেতৃত্বে ক্ষ্যাপা ও রনিসহ ৭-৮জন সশস্ত্র সন্ত্রাসী চরপাড়া গ্রামে নান্নুর বাড়িতে হামলা চালায়।

এসময় নান্নু পক্ষের আলমগীর, ঝন্টু, আনন্দ, টিপু, ছাত্তার, পিয়ার ও জাহিদুলসহ ১০-১২ জন গ্রামবাসী সন্ত্রাসী আমজাদ মাস্তান পক্ষের সন্ত্রাসীদের বাধা দেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ চলাকালে সন্ত্রাসী আমজাদ মাস্তান নান্নু পক্ষের লোকজনকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছুঁড়লে নান্নু কোমরে গুলিবিদ্ধ হয়।

এসময় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে সংগ্রাম ও এজের মন্ডলসহ আরও ৪ জন আহত হয়। গুলিবিদ্ধ নান্নুকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

দৌলতপুর থানার ওসি এনামুল হক বলেন, সীমান্ত এলাকায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

সংঘর্ষে গুলি বর্ষনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

এআর