রাজধানীর ৫টি হাসপাতালে আজ (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এরই মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

টিকাদান উদ্বোধনের পর ঢাকার ৫টি হাসপাতালে আজ (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার টিকা দেওয়া হচ্ছে সেগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতাল গুলোতে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা।

আজ সকাল ৯টার দিকে টিকা নেওয়ার পর ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, “টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল টিকা নেবেন কিনা। এটা কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ প্রায় ২০০ জনকে টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসারসহ ২০০ জন টিকা নেবেন।

এর আগে গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ৫ জনকে টিকা দেওয়া হয়। পরে আরো কয়েকজনকে টিকা দেওয়া হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং করোনা টিকা কর্মসূচির মুখপাত্র ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, আজ ঢাকার পাঁচ হাসপাতালে পাঁচ শতাধিক ব্যক্তিকে টিকা দেওয়ার কথা আছে। এরপর সাত দিন বিরতি দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকা দেওয়া শুরু হবে। সেটাই মূল কর্মসূচি।

এমবি