সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর’সহ ৪টি উপজেলায় বিভিন্নস্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
দিনাজপুর সদর, বিরল, কাহারোল ও চিরিরবন্দর উপজেলায় বিচ্ছিন্নভাবে কয়েক হাজার পরিবার এই ঈদ আনন্দে মেতেছে।
আজ (শুক্রবার) সকাল ৮টায় দিনাজপুর শহরে পার্টি সেন্টার নামে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এখানে ঈমামতি করেন মাওলানা সাইফুল্লাহ। দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত বেশকিছু মুসল্লি এখানে নামাজ আদায় করেন।
এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম ও সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ও গড়েয়া বাজার এলাকায় সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের মুসলিম ধর্মাবলম্বীরা প্রায় ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছে।
যে গ্রামগুলোতে শুক্রবার (১৪ জুন) ঈদ হবেসেগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার ও বেলচো; ফরিদগঞ্জ উপজেলার নূরপুর, শাচনমেঘ, ষোলা, হাঁসা, চরদুখিয়া, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা ও কাইতাড়া; মতলব দক্ষিণ উপজেলার মোহনপুর, পাঁচআনী ও দশআনী এবং কচুয়া উপজেলার উজানি গ্রাম।
এছাড়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি জায়গা আজ (শুক্রবার) ঈদ-উল-ফিতর পালিত হবে।
এমবি





