গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার বিকালে স্থানীয় হাওয়া ভবনের পূর্ব পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমবেত হন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর ম-ল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক অশ্বনী কুমার বর্মণ, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ প্রমুখ।

আওয়ামী লীগ নেতা আলী আজম ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম কাউন্সিলে সভাপতি পদে তাদের প্রার্থীতা ঘোষণা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কাউন্সিলের শুরুতেই সিনিয়র নেতাদের সামনে সভাপতি প্রার্থী দুইপক্ষ একে অপরের বিরুদ্ধে বহিরাগত লোকজন দিয়ে কাউন্সিলে সমর্থন আদায়ের অভিযোগ তোলেন।

এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত থাকা নেতারা পরিস্থিতি শান্ত করতে গিয়ে ব্যর্থ হন।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামাল উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এমকে