তুবা গার্মেন্টস কারখানার অনশনরত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে পূর্ব নির্ধারিত বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। তবে তুবা গার্মেন্টসের অনশনরত শ্রমিকদের হোসেন মার্কেটের ভিতরে আটকে রেখেছে পুলিশ।
এ বিক্ষোভ মিছিল ঘিরে সকাল ৮টা থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
শনিবার সকাল ১১টা থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ দেখালেও প্রথমে রাস্তায় মিছিল বের করতে দেয়নি পুলিশ। পরে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাড্ডার মূল সড়কে নেমে আসে। এর ফলে ওই সড়কে একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি মাহবুবুর রহমান ইসমাইলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ বিক্সোভ-মিছিলে রয়েছেন।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে নারী পুলিশ, এপিসি, জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টানা ছয়দিন ধরে তুবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন চলাকালে বিভিন্ন কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেখানে অবস্থান করছে।
ঢাকা, ২ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ





