বরিশালে পুলিশ কনস্টেবল স্বামীর বিরুদ্ধে সুচনা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ সুচনা আক্তার ওই এলাকার আলী হোসেনের মেয়ে এবং নগরীর আব্দুর রব সেরনিয়াত কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলো।
বুধবার রাতে বরিশাল নগরীর ৭নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকার এ ঘটনা ঘটেছে।
নিহতের স্বামী ইমাম হাসান হাউজিং এলাকার বাসিন্দা বরিশাল মেট্রোপলিটন পুলিশের নায়েক ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তিনি বরিশাল আরআরএফ পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
নিহত সুচনার বাবা অভিযোগ করে বলেন- গত দুই বছর আগে বিয়ের পরপরই তার জামাইয়ের পরিবার ৫লাখ টাকা যৌতুকের দাবিতে মেয়েকে নানা ধরনের নির্যাতন করে আসছিলো।
এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে সুচনা আক্তার কয়েকদিন আগে তার (বাবা) বাড়িতে চলে আসেন। বুধবার রাত ৯টারদিকে স্বামী ইমাম হাসান সুচনা আক্তারকে ডেকে তাদের বাসায় নিয়ে যান। পরে রাত ১১টারদিকে পরে খবর আসে সুচনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আলী হোসেনের দাবি তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তার ওপর যৌতুকের জন্য নির্যাতন চালানো হলে মৃত্যু হয়েছে। পরে শ্বশুর পরিবার এটি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
এআই





