মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চার ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছেন পুলিশ, র্যাব ও আর্মড পুলিশের সদস্যরা।
মঙ্গলবার সকাল ৬টা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান এখনো চলছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত বাঘুটিয়া দাখিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আবুল বাশার (৫৫), পার্শ্ববর্তী তেওতা ইউনিয়নে অবস্থিত কাজী শফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসহাক আলী (৪০) এবং বাঘুটিয়া গ্রামের আনসার ফকিরের ছেলে শাহ আলম (৫০)।
অভিযানে নেতৃত্বদানকারী মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আজ মঙ্গলবার সকাল ১০টায় বাঘুটিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
মাহফুজুর রহমান জানান, গতকাল সোমবার সারা দিন তাঁর নেতৃত্বে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের ২০০ সদস্য মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চার ইউনিয়ন পাঁচামারা, চরকাতারি, বাঘুটিয়া এবং জিয়নপুরে অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ (মঙ্গলবার) সকাল ৬টায় অভিযান শুরু হয়।
তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে চার ইউনিয়নের অধিবাসীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় উল্লেখিত চারজনকে আটক করা হয়। আজ সারা দিন অভিযান চলবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এসএম





