যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে চোরাচালান ঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আসলাম (৪০) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা ৭টার সময় অগ্রভুলোট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্রভুলোট গ্রামের আওয়ামী লীগ নেতা তবিবর মেম্বার ও আওয়ামী লীগ নেতা আওরসের সমর্থকদের মধ্যে চোরাচালান ঘাট দখল নিয়ে সন্ধ্যায় সংঘর্ষ হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে তা থামানোর চেষ্টা করে।

এ সময় চোরাচালানীদের ধারালো অস্ত্রের আঘাতে বিজিবি সদস্য আসলামের মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবির কর্মকর্তারা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম টাইমনিউজ বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর