স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় এক বখাটের দ্বারা শ্লীলতাহানির স্বীকার হন ঐ ছাত্রী।

শনিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

এলাকাবাসী জানান, বগুড়া সদরের বাঘোপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে দর্জি শ্রমিক রতন কিছুদিন যাবৎ 'গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের' এক ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছিল।

ওই ছাত্রী রতনের প্রেমে সাড়া না দেওয়ায় গত বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রতন ওই ছাত্রীকে প্রকাশ্যে জাপটে ধরে।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি বিচার করার আশ্বাস দেন। কিন্তু স্থানীয়ভাবে কোন বিচারের উদ্যোগ নেওয়া হয়নি।

এর প্রতিবাদে শনিবার দুপুর দেড়টায় স্কুলের শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন গোকুলে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে।

পুলিশ বখাটে যুবক রতনকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এমকে