পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় আশরাফি জান্নাত ইশি (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশি হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে। সে হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুতিপুকুর গ্রামে ইশি প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল বাড়ি ফিরছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায় সে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে জব্দ করে। তবে তার আগেই চালক পালিয়ে যান।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মকছেদ আলী দূর্ঘটনায় নিশির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।