আগামী কোরবানির ঈদের আগেই রানা প্লাজার নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান ও পূনর্বাসনের দাবিতে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সদস্যরা।
শুক্রবার দুপুরে সাভারে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পরিবার, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, রানা প্লাজা শ্রমিক ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের ব্যানারে এসব কর্মসূচি পালন করেন।
বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনগুলোর ব্যানারে প্রথমেই ঢাকা-আরিচা মহাসড়কের ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আয়োজিত মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশ প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ১৭ মাস পূরণ হতে চললেও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সদস্যরা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।
গার্মেন্টস মালিক ও সরকারের উদাসিনতাকে দায়ী করে আর কত হত্যা হলে সরকার, বিজিএমইএসহ সংশ্লিষ্টদের টনক নড়বে এমন প্রশ্ন রেখে অবিলম্বে আগামী কোরবানির ঈদের আগেই ভবন ধসে ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
এছাড়াও সমাবেশ থেকে আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা, নিখোঁজ শ্রমিকদের ডিএনএ রিপোর্ট ও সঠিক তালিকা প্রকাশের প্রকাশের পাশাপাশি বর্তমানে দেশের সব গার্মেন্টস কারখানায় কর্মরত পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিতকরণসহ শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধের দাবি জানান বক্তারা।
সমাবেশে রানা প্লাজার গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম বেসরাকারি এনজিগুলোর প্রতি শ্রমিক নিয়ে ব্যবসা না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী ১০ তারিখের মধ্যে রানা প্লাজার সব শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অনশন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে যান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
এসময় আয়োজিত কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সৌমিত্র কুমার দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহমেদ জীবন, রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কে.এম.মিন্টু এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





