বি:বাড়িয়ার নাসিরনগরে নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর মোহাম্মদ উত্তরপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুমা বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওই নারীর আচরণ পুলিশের কাছে সন্দেহজন বলে মনে হচ্ছে। তবে শুক্রবার দুপুর নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতের কোনো একসময় নূর মোহাম্মদ নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্ত্রী সবার কাছে বলেন। পরে সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী আচরণ সন্দেহজনক হওয়া ও এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত হওয়ায় থানায় নিয়ে আসা হয়েছে।
এমই





