এবার ফাও খেতে না দেয়ায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার (কলেজ গেটের সামনে) একটি হোটেলে ব্যাপক ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ।
শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে কলেজ গেটের ১/৯ নং আয়শা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ হামলা চালায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এঘটনায় হোটেলের ম্যানেজার সুবেলের মাথা ফেটে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৮/১০ জন যুবক আয়শা হোটেল এন্ড রেস্টুরেন্টে খেতে আসে। খাওয়া শেষে টাকা না দিয়ে বেরিয়ে যেতে চাইলে ম্যানেজার সুবেল টাকা চেয়ে বসেন। তখন এক যুবক জানায় আমি শেরে বাংলার ছাত্রলীগের নেতা। টাকা চাইলে ব্যবসা করতে পারবি না।
টাকার দাবিতে ম্যানেজার মো. সুবেল বাক-বিতন্ডা শুরু করলে হোটেলে ব্যাপক ভাংচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ম্যানেজার সুবেল ভাংচুর ঠেকাতে গেলে হোটেলের ঝাঁপির লাঠি দিয়ে এলোপাথারি মারধর করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে দ্রুত কেটে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।
হোটেলের কর্মচারী পলাশ ও মুত্তাকিম জানান, কোনো কারণ ছাড়াই মারধর করেছে ছেলেরা। ম্যানেজার টাকা চেয়েছিল এটাই তাঁর অপরাধ।
এব্যাপারে হোলেটের মালিক সেলিম টাইম নিউজবিডিকে বলেন, আমি বাইরে গিয়েছিলাম। এর ফাঁকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এব্যাপারে তেজগাঁও জোনের অরিতিক্ত উপপুলিশ কমিশনার আনিছুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডি’কে বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি জানেন না। কেউ অভিযোগও করতে এখনো আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ ১০ মে(টাইমনিউজডিবি.কম)//কেএ