ফেনীর দাগনভূঞায় সাইফুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক লীগ নেতাকে তুলে নিয়ে নোয়াখালীর সেনবাগে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সেনবাগ উপজেলার সেবারহাটের তিনপুকুরিয়া রাস্তার পাশ থেকে সোমবার রাত ১১টার দিকে গলাকাটা মৃতদেহটি উদ্বার করে পুলিশ।
সাইফুল ইসলাম দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের উত্তর চণ্ডিপুর গ্রামের মমিনুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়নের শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।
দাগনভূঞা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরের ছাপা পলাশ জানান, সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় দাগনভূঞার সীমান্তবর্তী সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে যান। এরপর ৭-৮ জন শিবিরের লোক অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে বাজারের অদূরে গলা কেটে হত্যা করে।
সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মো. জকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর তার গলাকেটে ফেলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





