রাজধানী ও সিরাজগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গঠিত ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’।
গত রোববার রাজধানীর মিরপুর এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নীমগাছি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে দলনেতা মো. রেজাউল, শিউলি আক্তার ওরফে শিল্পী, আনোয়ার হোসেন, আব্দুস সামাদ এবং মর্তুজা।
এ সময় তাদের কাছে মুক্তিপণের ১ লাখ টাকা, দুটি হ্যান্ডকাপ এবং নেশা জাতীয় ঔষধ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দলনেতা রেজাউল তার দ্বিতীয় স্ত্রী শিল্পীর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মোবাইলে ফোন করে প্রেমের ফাঁদ তৈরী করে। তারপর তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করে।
তাদের বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন ধরণের অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র মুখপাত্র মো. মনিরুল ইসলাম এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, অপহরণকারী চক্রটি গত ৩০ এপ্রিল ঢাকা মহানগরের তুরাগ এলাকার এক হোটেল ব্যবসায়ীকে নারীর প্রলোভন দেখিয়ে তুলে নেয়। এই চক্রের এক নারী সদস্য শিল্পীর সাথে ব্যবসায়ীর আপত্তিকর ছবি তোলা হয়।
ডিবি পুলিশের পরিচয়ে ঐ ব্যবসায়ীর কাছ থেকে ১২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে গত ৭ মে তাকে ছেড়ে দেয়া হয়। উক্ত ঘটনায় গত ২ মে ডিএমপি’র তুরাগ থানায় অপহরণ মামলা রুজু হলে এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও বলেন যে, ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’ গঠিত হওয়ার পর এ পর্যন্ত ঢাকা শহর ও অন্যান্য এলাকা থেকে ৬৩ টি অভিযোগ পাওয়া গেছে। তন্মধ্যে ঢাকার ২৮টি অভিযোগের মধ্যে ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরী এলাকায় দণ্ডবিধিতে দায়েরকৃত ৫৯টি অভিযোগের প্রেক্ষিতে অপহরণের শিকার ৪৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
২০১৩ সালে ডিএমপি এলাকায় ৯৯টি অপহরণের ঘটনায় ৮১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছিল।
[b]ঢাকা, জেইউ, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ // এআর [/b]