আবেদনের পরও টিকেট না দেয়া এবং সংঘর্ষের ঘটনায় জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক, চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর আহমেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো.মশিউর রহমানের আদালতে নগর ছাত্রলীগের সহ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত কোতয়ালী থানার ওসিকে ছাত্রলীগের অভিযোগ মামলার এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন।

সিএমএম আদালতের বেঞ্চ সহকারী নূর খোদা তারেক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

৩১ আগস্ট ছাত্র সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার জন্য ৩৮০টি টিকেটের আবেদন করেছিল নগর ছাত্রলীগ। ২৭ আগস্ট টিকেটের জন্য গেলে রেল কর্মকর্তারা তাদের টিকেট দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক পেটায় রেলওয়ে পুলিশ।

এর জের ধরে ২৭ আগস্ট রাতে রেলস্টেশনে ভাংচুর করে ছাত্রলীগ। পরে স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং জিআরপি থানার ওসিকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএএইচ