শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও মালিকপক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হয়েছে অন্তত অর্ধশত শ্রমিক।
সোমবার বিকেল ৫টার দিকে শিল্পাঞ্চলের টংগাবাড়ী এলাকায় গ্রীন লাইফ নিট কম্পোজিট কারখানায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, বেশ কয়েকদিন আগে তাদের ঈদ বোনাস পরিশোধ করা হলেও জুন মাসের বেতন বকেয়া রাখে কর্তৃপক্ষ। সোমবার সকালে কাজে যোগ দিয়ে জুন মাসের বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষকে চাপ দেন শ্রমিকরা।
এ সময় কারখানা কর্তৃপক্ষ বিকেল ৩টা থেকে বেতন পরিশোধের সময় নির্ধারণ করে দেয়। বিকেল ৩টায় শ্রমিকরা বেতন নেওয়ার জন্য এলে কর্তৃপক্ষ জুন মাসের অর্ধেক বেতন প্রদানের ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকরা জুন মাসের পুরো বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে।
এ সময় শ্রমিকরা কারখানা ভাঙচুর করলে মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও শটগানের গুলি ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানার জিএম মনির হোসেনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর প্রথমে হামলা চালায়। পরে পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হয়েছে অন্তত অর্ধশত শ্রমিক।
বর্তমানে কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
এফএফ





