ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ মিথ্যা দাবি করে শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ সংবাদ সম্মেলন করেন বৃহস্পতিবার সন্ধ্যায়।
সংবাদ সম্মেলনের দুই ঘণ্টা পর শুকুর আলম শুভকে গ্রেফতার করেন বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম।
তিনি আরও জানান, ‘গ্রেফতারের পরপরই তাকে চাঁদপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চাঁদপুর মডেল থানায় পাঠানো হবে।’
সংবাদ সম্মেলনে শুকুর আলম শুভ অভিযোগ করেন, এই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ১৯৯২ সালে বিএনপির আমলে চাকরি পেয়ে এখন আওয়ামী লীগের পালিত পুলিশ কর্মকর্তা সেজেছেন। এছাড়া ওসি শাহ আলম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
শুকুর আলম শুভ সংবাদ সম্মেলনে চাঁদাবাজি মামলা প্রসঙ্গে বলেন, ‘২৮ আগস্ট ঠিকাদার মেসার্স আহসান হাবীব অরুনের ফার্মের ম্যানেজার সাইফুল ইসলাম আমাকেসহ আরও দুজনকে আসামি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে হাজীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা করেছেন। ওই মামলায় বৈশাখী পরিবহনের ড্রাইভার ও যুবলীগকর্মী সুমন কাশারীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাকে ও মামলার অপর আসামি চাঁদপুর সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হান্নান গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার তুহিন, চাঁদপুর সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হান্নান গাজী প্রমুখ।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





