সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নন্দিতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সোমবার সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।
মনিপুরী সম্প্রদায় ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এবং আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ৭২ ঘণ্টার আটিমেটাম দিয়ে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
মনিপুরি পঞ্চায়েত প্রধান অনিল কীষাণ সিংহের সভাপতিত্বে ও বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সংস্থার সভাপতি নরেণ সিংহের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মহেন্দ্র সিংহ, মনিপুরী গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ মনিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, প্রেস ক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার পক্ষে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু একাত্মতা জানান।
এদিকে মঙ্গলবার হামলার প্রতিবাদে সিলেটের বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ওই কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়।
জেআই





