ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতিয়তাবাদি ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ইবি ছাত্রদল।
আজ সোমবার বিকাল পৌনে ৫টার দিকে ইবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোন অভিযোগে ছাড়াই পুলিশ আমাদের সভাপতিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশ ছাত্রদল সভাপতিকে নির্যাতন করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই।’
প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার ক্যাম্পাসে আরাফাত রহমানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আল্টিমেটামের দেওয়া সময়ের মধ্যে ছাত্রদল সভাপতিকে মুক্তি দেওয়া না হলে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘন্টা হরতাল পালিত হবে।’
উল্লেখ্য, সোমবার দুপুর একটার দিকে শৈলকুপায় ওমর ফারুককে নাশকতার পরিকল্পনা, ভাংচুর, অগ্নিসংযোগ সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ঠের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ওমর ফারুককে আদালতে কখন সোপর্দ করা হবে জানতে চাইলে ওসি হাশেম খান বলেন-‘ থানা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’ এসময় তিনি আরো জানান-‘ আটক ছাত্রদল নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।’
এসএইচ





