চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন তাওহিদুল ইসলাম তুষার (৩০) নামের এক ওষুধ ব্যবসায়ী। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি করা হলেও (জিডি নং-১৫৯৮, তারিখ: ২৫-১০-১৪) পুলিশ এখনো পর্যন্ত তাকে উদ্ধারের কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার বশির আহম্মেদ সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন ও তদন্ত কর্মকর্তা এসআই মজিদকে ভর্ৎসনা করে নিখোঁজ ওষুধ ব্যবসায়ীকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তুষারের পরিবারের দাবি, টাকার লোভে তাকে কয়েকজন বন্ধু অপহরণ করেছে।
জানা গেছে, পৌর এলাকার দৌলতপুর উপরটোলা মহল্লার তোরাব আলীর ছেলে শিবগঞ্জ বাজারের সেবা ফার্মেসির মালিক তাওহিদুল ইসলাম তুষার গত শুক্রবার সকাল ৯টায় দোকানের ওষুধ কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে ট্রেনযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পর থেকেই তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।
নিখোঁজ তুষারের ভাই জহিরুল ইসলাম দাবি করেন, তুষারের দুই বন্ধু শিবগঞ্জের বাবু (৩০) ও রাজশাহী মহানগরীর তালাইমারীর সজীব তার ভাইকে টাকার লোভে অপহরণ করেছে। তিনি ও তার মামা রেজাউল ইসলাম বিষয়টি পুলিশ সুপার বশির আহম্মেদকে জানিয়ে তুষারকে উদ্ধারের অনুরোধ জানান।
পরে পুলিশ সুপার থানায় জিডি করা সত্ত্বেও তুষারের উদ্ধারের বিষয়ে কোনো উদ্যোগ না নেয়ায় সদর মডেল থানার ওসি জসীম উদ্দীন ও তদন্ত কর্মকর্তা এসআই মজিদকে ভর্ৎসনা করেন এবং দ্রুত নিখোঁজ তুষারকে উদ্ধারের নির্দেশ দেন।
জেআই





