নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৩০ মে শপথগ্রহণ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

আবদুল হামিদ এর আগের দিন বুধবার (২৯ মে) বিকেলে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে তাঁর প্রেস সচিব জয়নাল আবেদীন সোমবার (২৭ মে) জানিয়েছেন।

সফরকালে আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তবে, সোমবার এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। মোদির আগের মেয়াদের শপথের মতো এবারের অনুষ্ঠানের সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন।

গতবার মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অংশ নিয়েছিলেন।

নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, ভুটানের লোটে শেরিং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, কিরগিস্তানের প্রেসিডেন্টসহ আরো কয়েকটি দেশের সরকার প্রধানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

এমবি