ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যে সরকার নয়, তিনি নিজেই বেকায়দায় পড়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের মন্তব্যে সরকারের বেকায়দায় পড়ার কোনো প্রশ্নই আসে না। লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। এর দায় তার। তাকে এজন্য খেসারত দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নে আমাদের সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। একইসঙ্গে তারা আমাদের দেশের আর্থ সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেছেন।

বিনিয়োগবান্ধব দেশ গড়তে উন্নত দেশগুলো বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এবার জাতিসংঘে বাংলাদেশ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এসব সাফল্য অর্জনে জাতিসংঘে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বলতর হয়ে চলেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন তিনি।

জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া, জাতিসংঘ মহাসচিব বান-কি-মুন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করেন তিনি।

ব্যস্ততম যুক্তরাষ্ট্র সফর শেষে ২৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি। যুক্তরাজ্যে দু’দিনের ব্যক্তিগত সফর শেষে ১ অক্টোবর বুধবার লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেন প্রধানমন্ত্রী। ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।

পবিত্র হজ, মোহাম্মদ (স.), তাবলীগ জামায়াত এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে লতিফ সিদ্দিকীর অযাচিত মন্তব্যে এরই মধ্যে সমালোচনার ঝড় বইছে। ধর্মীয় অনভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা ও এসব মামলায় সমনও জারি হয়ে গেছে ইতোমধ্যে।

এ বিষয়ে দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন, কেবল মন্ত্রিসভা থেকে নয়, এমন মন্তব্যের কারণে ঈদের পর লতিফ সিদ্দিকীকে দল থেকেও অব্যাহতি দেয়া হবে।

কেএইচ