প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র ও সম্পদে শক্তিশালী দেশগুলোকে করোনা ভাইরাস ব্যর্থ করে দিয়েছে ‘আল্লাহ রাব্বুল আলআমিনের কী খেলা! ধন-সম্পদ-অস্ত্র কিছুই কাজে লাগছে না।’
আজ সোমবার রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মহামারিতে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিও থমকে দাঁড়িয়েছে । মানুষকে সুরক্ষিত রেখে দেশের অর্থনীতির চাকা সচল ও রোজার কারণে জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে ।
প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবে দেশের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমাদের লক্ষ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, করোনা মোকাবেলা ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। এরইমধ্যে ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে।





