সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা পরিকল্পিতভাবে ওই নারীকে কয়েকদিন পূর্বে হত্যা করা হয়েছে।
রোববার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার আশরাফ উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, চলতি মাসের ১০ তারিখে স্বামী-স্ত্রী পরিচয়ে আশরাফ উদ্দিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় ওই নারী ও এক পুরুষ।
ছয়দিন পর আজ সকালে বাসার তালাবদ্ধ কক্ষের মধ্য থেকে প্রচুর দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল বলেন, 'প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই নারী যাকে স্বামী পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি তাকে হত্যা করে পালিয়েছে। এখনও মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি । পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।'
এমকে





