পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আদাবর থানার সেক্রেটারি আব্দুল হান্নানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

আজ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান প্রদত্ত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

মহানগরী আমীর বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব হলেও রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণেই জনগণের জানমাল পুরোপুরি নিরাপত্তাহীন। মূলত সরকার গণবিচ্ছিন্ন হয়ে এখন অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যই গণমানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক, আদর্শিক ও গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র ও কদর্য পথ বেছে নিয়েছে। বিনা কারণে ও সম্পূর্ণ বেআইনীভাবে গ্রেফতার করা হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীদের। ফলে দেশে সুস্থ্যধারার রাজনীতি চর্চা ব্যহত হচ্ছে।

সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় রাজধানীর আদাবরের বাসা থেকে কোন প্রকার পরওয়ানা ছাড়ায় সম্পূর্ণ বেআইনীভাবে গ্রেফতার করা হয়েছে আদাবর থানা সেক্রেটারি আব্দুল হান্নানকে।

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে একজন রাজনৈতিক নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার সরকারের ফ্যাসীবাদী, বাকশালী, অগণতান্ত্রিক ও প্রতিহিংসা পরায়নতার পরিচয় বহন করে।

তিনি বলেন, সরকারের জুলুম-নির্র্যাতনের কারণেই বিরোধী দলীয় নেতাকর্মীরা এখন ঘরছাড়া। রাজপথে রাজনৈতিক কর্মসূচী পালন নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও সরকার সে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে।

এমনকি ঘরোয়া বৈঠকগুলোকে গোপন বৈঠক আখ্যা দিয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। এভাবে কোন গণতান্ত্রিক ও সভ্য সমাজ চলতে পারে না।

তিনি আদাবর থানা সেক্রেটারি আব্দুল হান্নানকে বেআইনীভাবে গ্রেফতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এমবি