বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ২০ দলীয় জোট। রোববার দুপুরে শহরের হরিকিশোর রায় রোডস্থ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলীয় সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-সভাপতি সাবেক এমপি, খন্দকার নুরজাহান ইয়াসমিন বুলবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী,

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, কোতোয়ালী বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, বিএনপি নেতা শাহ শিব্বির আহমেদ বুলু, কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে নতুন বাজার মোড়ে আসলে পুলিশী বাঁধার মুখে পড়লে পুনরায় মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে যায়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ভোট ছিনতাইকারী তাবেদার এ সরকার। এ সরকার কখনই জনগণের কল্যাণে কাজ করতে পারে না। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে।

তারা বলেন, জনগণের কল্যানে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে, চলবে।

ওএইচ/ এআর