যশোর কেন্দ্রীয় কারাগারে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও তিন নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রদল নেতার নাম সামীউজ-জামান উজ্জ্বল (৩৮)বলে জানা যায়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

মৃত উজ্জ্বল শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় দু’সপ্তাহ আগে একটি সহিংসতা মামলায় উজ্জ্বলকে আটক করে পুলিশ।এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন। শুক্রবার সকালে উজ্জ্বল কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এসময় জেল পুলিশ তাকে যশোর মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ