যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কচ্ছপ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
তবে এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) আনুমানিক ভোর-রাত সাড়ে ৪ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গামের মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ২৩৯ টি কচ্ছপ এবং ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সুনিদিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা মাঠে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা তাদের সঙ্গে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে বস্তা ভর্তি ভারতীয় ২৩৯ টি কচ্ছপ এবং ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৪ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
২৩ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল গুলো সোমবার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পোর্ট থানায় এবং কচ্ছপগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
এমকে





