'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি' এই স্লোগানকেসামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসকের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করে।
বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে র্যালিটি শহরের টাউন হল কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মল্লিকা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আবু আহম্মেদ আল মামুন, জেলা মটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ, মহাসচিব মাহবুবুর রহমান, জেলা অটোবাইক মালিক শ্রমিক সর্বদলীয় ঐক্যপরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শ্রমিকদের ঘামের বিনিময়ে দেশ চলে। শ্রমিক-মালিক এক হয়ে চললে দেশ সুন্দরভাবে চলবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের শ্রমের মুল্য দিতে জানেন বলেই আজ শ্রমিকরা স্বচ্ছল। ময়মনসিংহের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবানও জানান ধর্মমন্ত্রী।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
এআর





