রাজধানীর আজিমপুরে একটি কাঁচাবাজারের দখল নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার দখল নিতে হাজী সেলিম ও আজিজ গ্রুপের নেতকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবু হোসেন (৪৫) নামে হাজী সেলিমের এক কর্মীসহ অন্তত তিনজন আহত হয়।
স্থানীয়রা জানিয়েছে, কাঁচাবাজারটি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারি মফিজ আলম চাঁদা তুলত। তাদের ছত্রছায়ায় কাঁচাবাজারটি চলছিল। হাজী সেলিম সংসদ নির্বাচিত হওয়ার পরও তার নেতাকর্মীরা এটা দখল করতে পারছিল না। তাই দুই দিন আগে হাজী সেলিম কাঁচাবাজারটি উচ্ছেদ করে ফেলে।
এতে মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারীরা হাজী সেলিমের অনুসারীদের উপর ক্ষিপ্ত হয়। শুক্রবার সকালে হাজি সেলিমের অনুসারী সাবু হোসেন (৪৫) কে মফিজ আলম ছুরিকাঘাত করে। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সাবুকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালাবাগ থানার এএসআই মহিদ উল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কিন্তু এখানে আসার পর কোনো সংঘর্ষ দেখতে পাননি তিনি।
ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





