পাজেরো জিপে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে একজন অগ্নিদগ্ধ ও দুইজন আহত হয়েছেন। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এসআরএস সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি স্টেশনের স্টাফ এখলাছ উদ্দিন অগ্নিদগ্ধ ও হারুনুর রশিদ এবং শেখ আব্দুল্লাহ বাবুল নামে দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরএসআর সিএনজি স্টেশনের নজেলম্যান (স্টাফ) মো. এখলাছ উদ্দিন জানান, দুপুরে ঢাকার মালিবাগ থেকে আসা পাজেরো (ঢাকা মেট্রো-ঘ-১১-৪৭০২) জিপের সিলিন্ডারে তিনি গ্যাস ভরছিলেন। এসময় হঠাৎ করেই গ্যাসের নজেল ছিদ্র হয়ে আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে পাজেরো জিপের সামনের অংশে ও সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন।
ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





