গাইবান্ধার সুন্দরগঞ্জের তিন স্কুলছাত্রকে নিখোঁজের চারদিন পর উখিয়ার বালুখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার উখিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে ঘটনার সাথে জড়িতের সন্দেহে পালংখালী ইউনিয়নের বালুখালী পশ্চিম পাড়া এলাকার বদিউর রহমানের ছেলে আনোয়ারুল ইসলামকে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানায়, মূলত ইয়াবা লেনদেনের জের ধরে তিন স্কুল শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল। মাঝেমধ্যে এখানে অপরিচিত লোকজনের যাতায়াত রয়েছে বলেও জানান তারা।

উদ্ধার হওয়া ছাত্ররা হল সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহীদুল ইসলামের ছেলে শীমুল হোসেন (১৩), আব্দুল মাজেদের ছেলে মো শামীম(১৫) ও দেওভোগ গ্রামের নুরুল হকের ছেলের অন্তর ইসলাম (১৪)। তারা স্থানীয় হাজী এলাহী উচ্চ বিদ্যালযের নবম ও দশম শ্রেণীর ছাত্র।

গত তিন ফেব্রুয়ারী বিকেল সাড়ে চারটার দিকে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরীকানি বাজারে বই কিনতে বের হয়ে নিখোঁজ হন তারা। পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন স্কুল ছাত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

মানিক/নাজিব