যশোরে এক মিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নিশান(৩৫)।
রোববার রাতে অভয়নগর উপজেলার জেজেআই মিলের গেটের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নিশান উপজেলার মোয়াল্লেম তলা গ্রামের সুজা উদ্দিনের ছেলে ও জেজেআই মিলের ইলেক্ট্রিক বিভাগের শ্রমিক।
স্থানীয় সূত্র জানায়, রাতে ডিউটি শেষে মিল থেকে বের হওয়ার পর দুর্বৃত্তদের হামলার শিকার হন নিশান। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে মিলের গেটের কাছে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই আফজাল হত্যাকাণ্ডের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস





