সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহতের ঘটনায় এক বাসচালক ও ২ হেলপার গ্রেফতারের ছয় ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হয়েছেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মতিহার থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তারা হলেন ইসলাম পরিবহনের চালক আবদুল বাতেন (৪৫), হেলপার ইমরান হোসেন (২৭) ও রাজশাহী কলেজের ভাড়ায় চালিত ছাত্রী বহনকারী লাকি পরিবহনের হেলপার ইজাবুল (৪৫)।
পরে দুপুর দুইটার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হলে তাদের জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক শারমিন আখতার তাদের জামিন মঞ্জুর করেন।
এদিকে, বাস দুর্ঘটনায় ছাত্রী নিহত হওয়ার ঘটনায় রাজশাহী কলেজ চত্বরে শোকর্যালি করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানান।
গত ৭ ডিসেম্বর মহানগরীর কাটাখালি এলাকায় রাজশাহী কলেজের ভাড়ায় চালিত ছাত্রীবহনকারী ‘লাকি’ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ‘ইসলাম’ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে তিন ছাত্রী নিহত হয়। এ ঘটনায় দুই বাসের চালক ও হেলপারদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করে পুলিশ।
জেআই





