বিগত হরতালে নাশকতার অভিযোগে লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপির এজাহার নামীয় সাড়ে ৩হাজার এবং অজ্ঞাতনামা ৪হাজার নেতাকর্মীর নামে পাটগ্রাম থানায় অন্তত ৫২টি মামলা রয়েছে।
রোববার বিকালে পাটগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করে পাটগ্রাম পৌর বিএনপি।
পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোর্শেদ আলম শ্যামল সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, এসব রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম প্রধান, সদস্য সচিব আমীর হামজা, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেলসহ ৬০ নেতাকর্মী জেলহাজতে রয়েছেন।
বাকিরা পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয়ে পরিবার-পরিজন ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এসব নেতাকর্মীর বিরুদ্ধে সর্বনিম্ন একটি থেকে ১৫টি পর্যন্ত মামলা রয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার নামে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর কবীর শামীম, এটিজে সিদ্দিকী কাকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল হক প্রধান লিটন, প্রচার সম্পাদক মেহেদি হাসান সনেট, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হানিফ উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কিরণ ভূঁইয়া প্রমুখ।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





