বগুড়ায় যাত্রীবাহী কোচে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোচটিতে আগুন ধরে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে বেশ কয়েকজন যাত্রী ও চালক হেলপার।
রোববার রাত ৮টার দিকে বগুড়া শহরতলীর বনানী মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী টিআর ট্রাভেলসের একটি কোচ বগুড়ার ঠনঠনিয়া টার্মিনালে বগুড়ার যাত্রীদের নামিয়ে দেয়। এরপর কোচটি ৭-৮ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়। বানানী এলাকায় মহাসড়কে মোড় ঘোরার সময় দুর্বৃত্তরা কোচটির পিছন থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে কোচটির পিছন অংশে আগুন ধরে যায়।
চালক দ্রুত কোচটি মহাসড়কের পাশে থামিয়ে দিলে যাত্রী ছাড়াও চালক ও হেলপার কোচ থেকে নেমে যায়। এসময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোলবোমায় কোচটির ব্যাপক ক্ষতি হলেও যাত্রীদের কেউ হতাহত হয়নি।
জেআই





