সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মনোনয়ন কিনলেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম। দু’জনই প্রতিনিধির মাধ্যমে বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
গত সাতদিনে এ পর্যন্ত দুই সিটি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৯জন মেয়র প্রার্থী। এর মধ্যে উত্তর সিটি থেকে ২২জন এবং দক্ষিণ সিটি থেকে ২৭ জন মনোনয়ন নিয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে দুই সিটি থেকে ১৫৪৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩০৪ জন মনোনয়ন কিনেছেন।
উত্তর সিটি থেকে এ পর্যন্ত ৬৩৪জন কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ১৩৬ জন এবং দক্ষিণ থেকে ৯১৩ জন কাউন্সিলর ও ১৬৮ জন সংরক্ষিত কাউন্সিলর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার দুই ছেলে তাফসির আউয়াল ও তাজওয়ার আউয়াল।
অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন মাহি বি চৌধুরী। তবে কাগজপত্রে ক্রুটির কারণে গতকাল মনোনয়ন উঠাতে পারেনি তিনি। অন্যদিকে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব ফারুক উল ইসলাম সেলিম ও মহানগর বিএনপি নেতা মনিরুল ইসলাম।
দক্ষিণ থেকে মহানগর বিএনপির নেতা আবুল বাশার, বিএনপি-সমর্থিত শিক্ষক নেতা সেলিম ভুইয়া, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, জাসদ নেতা মো. শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা আবদুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন।
জেআই





