‘স্বপ্নজয়ী মা’ হিসাবে সম্মাননা পুরস্কার পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্কুলশিক্ষিকা আফরোজা বুলবুল।
এ বছরই প্রথম বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশ্ব মা দিবস উপলক্ষে ‘স্বপ্নজয়ী মা’ শিরোনামের এই সম্মাননা পুরস্কার প্রদান করে।
মা হিসাবে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার অবদান হিসাবে এই সম্মাননা প্রদান করে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এবার সারাদেশ থেকে ১৫ নারীকে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব মা দিবসে ঢাকার ইস্কাটন রোডের মহিলা বিষয়ক অধিদপ্তরের নিজস্ব ভবনের ৪র্থ তলার হলরুমে এই সম্মাননা পুরস্কার প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
‘স্বপ্নজয়ী মা’ আফরোজা বুলবুল কালীগঞ্জ শহরের ঔতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন সচিব নাছিমা বেগম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাহিন আহমেদ চৌধুরী।
উল্লেখ্য, আফরোজা বুলবুল কালীগঞ্জ শহরের থানাপাড়ার ইমদাদুল হক বাবলুর স্ত্রী। তিন কন্যা সন্তানের জননী তিনি।
এরমধ্যে বড় মেয়ে তানিয়া আফরোজ তিথি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে ২০০৬ সালে অনার্স ও ২০০৭ মাস্টার্স প্রথম শ্রেণিতে পাশ করেন। বর্তমানে তিথি বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত রয়েছেন।
দ্বিতীয় মেয়ে ফারিয়া আফরোজ দ্যূতি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি বিষয়ে ২০১০ সালে অনার্স ও ২০১১ সালে মাস্টার্স প্রথম শ্রেণীতে পাশ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে ঢাকা এসবি বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসাবে কর্মরত রয়েছেন। এছাড়া ছোটমেয়ে মারিয়া আফরোজ আঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী।
এসএম হাবিব





